মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

সরিষাবাড়ীতে সংরক্ষিত ইউপি সদস্য ও বৃদ্ধ বাবাকে পেটানোর অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে সংরক্ষিত ইউপি সদস্য ও বৃদ্ধ বাবাকে পেটানোর অভিযোগ
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬



সরিষাবাড়ীতে সংরক্ষিত ইউপি সদস্য ও বৃদ্ধ বাবাকে পেটানোর অভিযোগ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ভাটারা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আছিয়া বেগম ও তাঁর বৃদ্ধ বাবা আব্দুল মান্নানের ওপর হামলার ঘটনা ঘটেছে। বাড়িমালিকের ছেলে জীবনের বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত বৃদ্ধ আব্দুল মান্নান বর্তমানে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাটারা ইউনিয়ন পরিষদের ১নং সংরক্ষিত ওয়ার্ডের (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) সদস্য আছিয়া বেগম ভাটারা স্কুল ও কলেজের পেছনে চাররাস্তার মোড় এলাকায় চুক্তিপত্রের মাধ্যমে বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। গত সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে বৃষ্টির পানি নিষ্কাশন কে কেন্দ্র করে বাড়িমালিক শাহজাহান গেদুর ছেলে জীবন ইউপি সদস্যের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। কথাকাটাকাটির একপর্যায়ে জীবন তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ, বেধড়ক মারধর এবং প্রাণনাশের হুমকি দেয়।

​এ সময় আছিয়া বেগমের পিতা বৃদ্ধ মোঃ আব্দুল মান্নান মেয়েকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁকেও আশঙ্কাজনকভাবে পিটিয়ে জখম করা হয়। হামলায় আছিয়া বেগম ও তাঁর বাবার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে।

​ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী ইউপি সদস্য আছিয়া বেগম বলেন, “একজন নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও নিজ বাসায় আমি ও আমার পরিবার আজ নিরাপত্তাহীনতায় ভুগছি।” তিনি এই ঘটনার চরম অন্যায়ের বিচার দাবি করেছেন।

এ ঘটনায় ভাটারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান বলেন,​”তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার পরিষদের মহিলা মেম্বার ও তার পিতাকে মারধর করায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানাচ্ছি।”

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

​এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তি জীবনের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল।

বাংলাদেশ সময়: ২৩:২৪:৪৬   ৭ বার পঠিত