শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে: আইনমন্ত্রী

প্রথম পাতা » খুলনা » গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে: আইনমন্ত্রী
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬



গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে: আইনমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে তাকে অবশ্যই গণহত্যার দায়ে কারাগারে গিয়ে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ডিসেম্বরে দেশে ফেরেন, তবে তাকে অবশ্যই আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেছেন, আমিও চাই তিনি দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যান এবং আইনি পথ ধরে হাঁটুন। আইনের ক্ষমতা অনেক দীর্ঘ, আইন তার নিজস্ব গতিতেই চলবে।

শুক্রবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘আগামীর শৈলকূপা’ শীর্ষক মতবিনিময় সভা এবং প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খুন, গুম ও জুলাই গণহত্যার প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, বিগত দিনে খুন, গুম ও গণহত্যার সঙ্গে জড়িত থাকার সত্যের মুখোমুখি হতে চাইলে তাকে অবশ্যই দেশে ফিরতে হবে। শেখ হাসিনার সাম্প্রতিক অডিও বার্তা প্রসঙ্গে তিনি বলেন, ভিডিও কনফারেন্সের কথা বলা হলেও বাস্তবে তিনি ভিডিও কনফারেন্সে আসেননি, বরং একটি রেকর্ড করা অডিও বার্তা পাঠিয়েছেন যা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। তিনি ফিরে আসুন বা ভার্চুয়ালি বক্তব্য দিন, সরকারের কাছে তিনি একজন ফেরারি ও দণ্ডপ্রাপ্ত আসামি। এত অপরাধের পরও তিনি কখনো জনগণের কাছে ক্ষমা চাননি বলে মন্তব্য করেন মন্ত্রী।

বিচার বিভাগ নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে আইনমন্ত্রী বলেন, এমন একটি বিচার বিভাগ গড়ে তুলতে হবে, যেখানে একজন গরিব ও অসহায় মানুষ সৃষ্টিকর্তার পর সবচেয়ে বেশি আস্থা রাখতে পারেন। তবে বিচার বিভাগে নানা সীমাবদ্ধতা ও দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, বিচারকদের দায়িত্ব কেবল চাকরি করা নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।

শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৮:২৭:২৮   ৭৬ বার পঠিত