
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন মানে শুধু শহরের উন্নতি নয়, প্রত্যন্ত গ্রামের মানুষের কল্যাণ করাও এই জনবান্ধব সরকারের লক্ষ্য।
আজ শুক্রবার রাঙ্গামাটির কাউখালী উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন ‘মিতিঙ্গাছড়ি ব্রিজ’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মিতিঙ্গাছড়ি ব্রিজটি কাউখালীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। এটি নির্মাণের ফলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে। এ সময় তিনি সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি ব্রিজটির সঠিক রক্ষণাবেক্ষণে যত্নবান হওয়ার জন্য স্থানীয়দের পরামর্শ দেন।
বর্তমান সরকারকে জনবান্ধব উল্লেখ করে ব্যারিস্টার মীর হেলাল বলেন, জনকল্যাণই এই সরকারের একমাত্র লক্ষ্য। তাই সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ এবং জেলা পরিষদ সদস্য এডভোকেট মামুনুর রশিদ মামুনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:৩১:২১ ৪ বার পঠিত