শনিবার, ৮ আগস্ট ২০২৬

ত্বকী হত্যার বিচারহীনতার অপসংস্কৃতি আর কতকাল চলবে: অ্যাড. মাসুম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ত্বকী হত্যার বিচারহীনতার অপসংস্কৃতি আর কতকাল চলবে: অ্যাড. মাসুম
শনিবার, ৮ আগস্ট ২০২৬



ত্বকী হত্যার বিচারহীনতার অপসংস্কৃতি আর কতকাল চলবে: অ্যাড. মাসুম

নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। তিনি বলেছেন, ত্বকী হত্যার বিচার নিশ্চিতে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান নয়।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত প্রতিবাদী অবস্থান ও আলোকপ্রজ্বালন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

মাহবুবুর রহমান মাসুম বলেন, “প্রতি মাসে মোমবাতি প্রজ্বলন করে দাঁড়িয়ে আমাদের স্লোগান দিতে হয় ‘ত্বকী হত্যার বিচার চাই’। দেখতে দেখতে সাড়ে ১৩টি বছর পার হয়ে গেল। নতুন সরকারের বয়সও প্রায় ছয় মাস অতিবাহিত হলো। অথচ তনু কিংবা ত্বকী হত্যার বিচার নিশ্চিতে কার্যকর কোনো নির্দেশনাই পরিলক্ষিত হচ্ছে না। এই বিচারহীনতার অপসংস্কৃতি আর কতকাল চলবে?”

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর মা নিজে নারায়ণগঞ্জে এসে ত্বকী হত্যার জন্য ওসমান পরিবারকে দায়ী করে শামীম ওসমানের বিচারের দাবি তুলেছিলেন। এমনকি জাতীয় সংসদে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকাশ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার পরও তিন মাস ধরে কোনো অগ্রগতি নেই।

স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তার সমালোচনা করে মাহবুবুর রহমান মাসুম বলেন, “শহীদ মিনার থেকে আমরা ঘোষণা দিয়েছিলাম ত্বকীর বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। তনু হত্যার বিচারে যদি উচ্চ আদালতের নির্দেশে আসামিদের পুনরায় গ্রেপ্তারের আদেশ হতে পারে, তবে ত্বকী হত্যার ক্ষেত্রে কেন চার্জশিট দেওয়া হচ্ছে না?”

তিনি আরও বলেন, “র‌্যাবের কাছে যদি চার্জশিট তৈরিই থাকে, তবে তারা কেন তা আদালতে জমা দিচ্ছে না? আপনারা যদি বিচার করতে না পারেন, তবে র‌্যাব থেকে মামলা অন্য তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করুন।”

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “সংবিধানের বড় বড় কথার চেয়ে মানুষের বিচার পাওয়ার অধিকার রক্ষা করা জরুরি। আগামী ধার্য তারিখের আগেই আদালতে ত্বকী হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল করতে হবে।”

কর্মসূচিতে ত্বকী হত্যার দ্রুত বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ২৩:১৭:১২   ৮ বার পঠিত