ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী কামালের আকুতি, পাশে দাঁড়ানোর আশ্বাস সদর ইউএনও ফয়েজউদ্দিনের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী কামালের আকুতি, পাশে দাঁড়ানোর আশ্বাস সদর ইউএনও ফয়েজউদ্দিনের
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬



ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী কামালের আকুতি, পাশে দাঁড়ানোর আশ্বাস সদর ইউএনও ফয়েজউদ্দিনের

বিশেষ প্রতিনিধি : উচ্চশিক্ষার সর্বোচ্চ ডিগ্রি অর্জনের পরও একটি ল্যাপটপের অভাবে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের পথে এগিয়ে যেতে পারছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কামাল হোসেন পিয়াস। সম্পূর্ণ দৃষ্টিপ্রতিবন্ধী এই অদম্য মেধাবী যুবক সম্প্রতি নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের কাছে সরকারি বা প্রাতিষ্ঠানিক সহায়তায় একটি ল্যাপটপের জন্য লিখিত আবেদন জানিয়েছেন।

কামাল হোসেন পিয়াস নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের কদমতলি উত্তর পাড়া (আদজীনগর)-এর বাসিন্দা। তিনি প্রতিকূলতা জয় করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে কৃতিত্বের সঙ্গে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

আবেদন সূত্রে জানা যায়, আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে বিশেষায়িত ‘স্ক্রিন রিডার’ সফটওয়্যার ব্যবহার করে কামালের পক্ষে পড়াশোনা, চাকরির প্রস্তুতি, অনলাইনভিত্তিক কাজ ও আইটি দক্ষতা অর্জন করা সম্ভব। আত্মনির্ভরশীল হওয়ার জন্য ল্যাপটপটি তাঁর অত্যন্ত জরুরি হলেও পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে নিজে কেনা সম্ভব হচ্ছে না। তাই স্বাবলম্বী হওয়ার লক্ষ্যেই তিনি উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন অত্যন্ত গুরুত্ব ও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তিনি বলেন, “দৃষ্টিপ্রতিবন্ধকতা থাকার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করা সত্যিই প্রশংসনীয়। তিনি আমাদের সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত। আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছি।”

ইউএনও আরও আশ্বাস দেন, “উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি তহবিল বা প্রাতিষ্ঠানিক কোনো উদ্যোগের মাধ্যমে তাকে খুব দ্রুত একটি ল্যাপটপ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি যেন শিক্ষার যোগ্যতাকে কাজে লাগিয়ে চাকরির প্রস্তুতি ও আইটি দক্ষতায় স্বাবলম্বী হতে পারেন, সে বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা করা হবে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সুযোগ পেলে তাঁরাও সম্পদে পরিণত হতে পারে।”

উচ্চশিক্ষিত ও মেধাবী এই দৃষ্টিপ্রতিবন্ধী যুবকের আবেদনে উপজেলা প্রশাসনের এই দ্রুত ইতিবাচক সাড়াকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। প্রশাসনের এমন মানবিক উদ্যোগে কামাল হোসেন পিয়াস সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর পথ খুঁজে পাবেন বলে তারা প্রত্যাশা করছেন।

বাংলাদেশ সময়: ১৭:৪২:৪৭   ৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
১২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : বিজ্ঞান মন্ত্রী
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
সোনারগাঁয়ে নিষিদ্ধ জাল জব্দ, দোকানিকে ২ হাজার টাকা জরিমানা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ - খাদ্যমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে সদরের ১২০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির
শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ