![]()
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন জানিয়েছেন, একটি সম্পর্কে টানা দুই বছর মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়ার অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টের মাধ্যমে জীবনের সেই অধ্যায় থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী। এবার এক সাক্ষাৎকারে জানালেন, সেই পোস্টের পেছনে ছিল দীর্ঘদিনের যন্ত্রণা, আত্মঅনুসন্ধান এবং সেরে ওঠার চেষ্টা।
অনুপমা ‘আই অ্যাম উইথ ধন্য ভার্মা’ অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। কার সঙ্গে সম্পর্কে ছিলেন, তাঁর নাম অবশ্য প্রকাশ করেননি। তবে অনুপমার ভাষ্য, ওই সম্পর্কে থাকাকালে তিনি নিজেকে ক্রমেই হারিয়ে ফেলছিলেন। পরে নিজেকে ফিরে পাওয়ার পথেই হাঁটেন।
অনুপমা বলেন, ‘ওই একটি পোস্টের পেছনে আছে দুই বছরের যন্ত্রণা, শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ার অভিজ্ঞতা।’ তাঁর দাবি, হঠাৎ আবেগের বশে তিনি পোস্টটি দেননি; বরং অনেকটা সময় নিয়ে নিজের অভিজ্ঞতাকে মেনে নেওয়া এবং সেরে ওঠার পরই প্রকাশ্যে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন।
‘আমি ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছিলাম’
নিজের অভিজ্ঞতাকে অনুপমা সরাসরি ‘নার্সিসিস্টিক অ্যাবিউজ’ বা আত্মমুগ্ধতাজনিত মানসিক নির্যাতন হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, এ ধরনের নির্যাতনের অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী ম্যাডোনা সেবাস্তিয়ানের একটি ইনস্টাগ্রাম রিল দেখেছিলেন। সেটি দেখার পর তাঁর শরীর কাঁপতে শুরু করে।
কারণ, রিলটিতে যে অভিজ্ঞতার কথা বলা হচ্ছিল, সেটি তাঁর নিজের জীবনের সঙ্গে মিলে যাচ্ছিল।
অনুপমার মতে, নার্সিসিস্টিক অ্যাবিউজ নিয়ে মানুষের প্রতিক্রিয়াও এক রকম নয়। কেউ নিজে এ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, কেউ পরিবারের সদস্য বা বন্ধুর এমন অভিজ্ঞতা দেখেছেন। আবার কেউ শুধু শব্দটি শুনেছেন, কিন্তু বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানেন না। আরেকটি শ্রেণি আছে, যারা বিষয়টিকে নারী-পুরুষের লড়াই হিসেবে দেখে অনুমানের ভিত্তিতে নেতিবাচক মন্তব্য করে।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেণি হিসেবে অনুপমা উল্লেখ করেছেন তাঁদের, যাঁরা নিজেরাই এমন সম্পর্কে আছেন, কিন্তু এখনো বুঝতে পারেননি যে তাঁরা নির্যাতনের শিকার।
অনুপমার ভাষায়, ‘যাঁরা এর মধ্যে থেকেছেন, কিন্তু এখনো সেটা শনাক্ত করতে পারেননি, তাঁদের সঙ্গেই আমি কথা বলতে চাই। এই শ্রেণিই সবচেয়ে বিপজ্জনক।’
‘আমি যেন নিজেকেই হারিয়ে ফেলছিলাম’
সম্পর্কটির পরিচয় প্রকাশ না করলেও সেই সময়ের প্রভাব নিয়ে খোলামেলা কথা বলেছেন অনুপমা।
অভিনেত্রীর ভাষ্য, ওই সময় উল্লেখযোগ্য পরিমাণ ওজনও কমে গিয়েছিল তাঁর। নিজেকে তখন আর বিকশিত হতে থাকা একজন মানুষ বলে মনে হতো না; বরং মনে হতো, তিনি ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছেন।
অনুপমা-ধ্রুবর প্রেমের গুঞ্জন
অনুপমার এ বক্তব্যের পর স্বাভাবিকভাবেই নতুন করে আলোচনায় এসেছে অভিনেতা ধ্রুব বিক্রমের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন। যদিও অনুপমা কোথাও ধ্রুবর নাম নেননি এবং তাঁদের সম্পর্কের বিষয়টিও কেউ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি।
২০২৫ সালের শুরুতে ‘বাইসন কালামাডান’ ছবিতে কাজ করার সময় থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন ছড়াতে শুরু করে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কথিত ছবি ছড়িয়ে পড়ে, যেখানে দুজনকে চুম্বনরত অবস্থায় দেখা গেছে বলে দাবি করেন অনেকে। ছবিটির সত্যতা অবশ্য নিশ্চিত করা হয়নি।
এরপর তাঁদের ভক্তরা দুজনের একটি যৌথ স্পটিফাই প্লেলিস্ট নিয়েও আলোচনা শুরু করেন। প্লেলিস্টের প্রোফাইল ছবিতে কথিত ওই ছবি ব্যবহার করা হয়েছিল বলেও দাবি করেন কেউ কেউ।
গুঞ্জন আরও জোরালো হয় বিভিন্ন প্রকাশ্য অনুষ্ঠানে তাঁদের আচরণে। চেন্নাইয়ের একটি পুরস্কার অনুষ্ঠানে জন্মদিনে ধ্রুব মঞ্চে অনুপমাকে শুভেচ্ছা জানালে তাঁকে বেশ লাজুক দেখাচ্ছিল। সে সময় অনুপমা ধ্রুবকে তাঁর ‘২ এএম কল’ বলেও উল্লেখ করেছিলেন, অর্থাৎ রাত গভীর হলেও যাঁকে ফোন করতে পারেন, এমন একজন ঘনিষ্ঠ মানুষ।
পরে মুম্বাইয়ের আরেক পুরস্কার অনুষ্ঠানে ধ্রুব অনুপমার সঙ্গে একটি ঘনিষ্ঠ সেলফি প্রকাশ করেন। অনুপমাও সেটি হৃদয়ের ইমোজি দিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন।
তবে এরপর তাঁদের একসঙ্গে প্রকাশ্যে দেখা যাওয়া বা একে অপরকে নিয়ে কথা বলা কমে যায়। ফলে গুঞ্জন শুরু হয়—তাঁরা কি সম্পর্কটি আড়ালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন, নাকি আলাদা হয়ে গেছেন?
ইন্ডিয়া টুডে অবলম্বনে
বাংলাদেশ সময়: ১৬:৩৬:৪২ ৬ বার পঠিত