বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ভাঙ্গায় নানা আয়োজনে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাঙ্গায় নানা আয়োজনে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬



ভাঙ্গায় নানা আয়োজনে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভাঙ্গা পৌরসভার নূরপুর গ্রামে তারেক মাসুদের গ্রামের বাড়িতে নীরব-নিভৃতে তাঁর মৃত্যুবার্ষিকী পালন করা হয়। তারেক মাসুদ ফাউন্ডেশনের উদ্যোগে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পুত্রের স্মৃতিচারণ করে নুরুন্নাহার মাসুদ বলেন, তারেকের নামে গ্রামের বাড়িতে একটি জাদুঘর প্রতিষ্ঠা করা ছিল তাঁর স্বপ্ন। তিনি বলেন, তারেক অভাব-অনটনের মধ্যেও চলচ্চিত্র নির্মাণ করেছেন। তাঁর স্মৃতি ধরে রাখতে জাদুঘর প্রতিষ্ঠার দাবি জানান তিনি।
পরে তারেক মাসুদ ফাউন্ডেশনের আহ্বায়ক ও ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালীর সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় বীর মুক্তিযোদ্ধা মিঞা বেনজীর আহমেদ, শিক্ষক মো. সরোয়ার হোসেন, ভাঙ্গা উপজেলা কৃষক সমিতির সভাপতি আবু বকর, ভাঙ্গা নাগরিক কমিটির সদস্য সুভাষ মন্ডল, তারেক মাসুদের ভাই সাঈদ মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, তারেক মাসুদ শুধু একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র ও সংস্কৃতির একজন নিবেদিতপ্রাণ কর্মী। মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও মানবিক মূল্যবোধকে ধারণ করে তাঁর সৃষ্টিশীলতা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এ সময় বক্তারা ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বরের নাম ‘তারেক মাসুদ চত্বর’ করার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৯:১২:৫৭   ১৪ বার পঠিত