শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

কালকিনিতে তীব্র গরমে ঘন ঘন লোডশেডিং, চরম দুর্ভোগে জনজীবন

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে তীব্র গরমে ঘন ঘন লোডশেডিং, চরম দুর্ভোগে জনজীবন
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬



কালকিনিতে তীব্র গরমে ঘন ঘন লোডশেডিং, চরম দুর্ভোগে জনজীবন

কালকিনি প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলাজুড়ে কয়েক দিন ধরে তীব্র লোডশেডিংয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। একদিকে কড়া রোদ ও অসহ্য গরম, অন্যদিকে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় অচল হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিরা।

স্থানীয় অধিবাসীদের অভিযোগ, দিনে কিংবা রাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। অধিকাংশ এলাকায় ১ ঘণ্টা বিদ্যুৎ থাকলে পরবর্তী ২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। রাতে বিদ্যুৎ কখন আসবে আর কখন যাবে, তার কোনো নিশ্চয়তা মিলছে না। ফলে রাতের ঘুমের পাশাপাশি শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

একই সঙ্গে বিদ্যুৎনির্ভর স্থানীয় ব্যবসা-প্রতিষ্ঠান ও ক্ষুদ্র শিল্পকারখানায় স্থবিরতা নেমে এসেছে। বার বার বিদ্যুৎ আসা-যাওয়া করার কারণে বাসা-বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মূল্যবান বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে কালকিনি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) পংকজ সিকদার বলেন, “বর্তমানে কালকিনি ও ডাসার এলাকায় আমাদের গ্রাহকসংখ্যা প্রায় ৭৫ হাজার। এলাকায় পিক আওয়ারে দৈনিক অন্তত ১৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ১১ মেগাওয়াট। বিপুল পরিমাণ ঘাটতি নিয়ে বিদ্যুৎ সরবরাহ সচল রাখা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। তবে চাহিদামাফিক বিদ্যুৎ বরাদ্দ পেলে এ পরিস্থিতির উন্নতি হবে।”

বাংলাদেশ সময়: ১২:৪৬:৩৩   ১১ বার পঠিত