সোমবার, ১৭ আগস্ট ২০২৬

সরিষাবাড়ীতে সরকারি প্রাথমিকে অবৈধভাবে পরীক্ষার ফি আদায়ের অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে সরকারি প্রাথমিকে অবৈধভাবে পরীক্ষার ফি আদায়ের অভিযোগ
সোমবার, ১৭ আগস্ট ২০২৬



সরিষাবাড়ীতে সরকারি প্রাথমিকে অবৈধভাবে পরীক্ষার ফি আদায়ের অভিযোগ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়মবহির্ভূতভাবে শিক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক পরীক্ষার ফি আদায়ের অভিযোগ উঠেছে। আগামী ১৮ আগস্ট মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় প্রান্তিক সামষ্টিক পরীক্ষাকে কেন্দ্র করে এ অর্থ আদায় করা হচ্ছে।

​উপজেলার সরিষাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাতপোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে ১ম থেকে ৫ম শ্রেণির একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, শ্রেণিভেদে তাদের কাছ থেকে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত ফি নেওয়া হয়েছে।

সাতপোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরিফা সুলতানা নামে এক অভিভাবক জানান, তাঁর দুই সন্তানের পরীক্ষার ফি বাবদ তিনি মোট ৬০ টাকা দিয়েছেন।

​উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলার ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১৪,১৫০ জন শিক্ষার্থী এই দ্বিতীয় প্রান্তিক সামষ্টিক পরীক্ষায় অংশ নিচ্ছে।

​ফি আদায়ের বিষয়ে জানতে চাইলে সাতপোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবরিন নাহার জানান,আমি অসুস্থ থাকায় আমার পরিবর্তে সহকারী শিক্ষক কামরুন নাহার শিক্ষা অফিসের মিটিংয়ে উপস্থিত ছিলেন। মিটিংয়ে টিও ও এটিও পরীক্ষার ফি নিতে বলেছেন, তাই আমি নিয়েছি। যদি শিক্ষা অফিসার পরীক্ষার ফি ফেরত দিতে বলেন, তাহলে আমি ফেরত দিয়ে দিব।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ​১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত যেকোনো ভর্তি, সেশন বা পরীক্ষার ফি নেওয়া সরকারি বিধিমালা পরিপন্থী। প্রশ্নপত্র তৈরি, ফটোকপি ও আনুষঙ্গিক যাবতীয় খরচ বিদ্যালয়গুলোর ‘স্লিপ ফান্ড’ (SLIP Fund) বা সরকারি সরকারি বরাদ্দ থেকে বহনের স্পষ্ট নির্দেশনা রয়েছে।

​তবে ফি নেওয়ার বিষয়টি সম্পূর্ণ অবৈধ উল্লেখ করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন বলেন, “প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি নেওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ নিয়ে থাকে, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা জানান, বিষয়টি নিয়ে শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শিক্ষানুরাগী ও সচেতন মহলের মতে, জাতীয় শিক্ষাক্রম ও প্রাথমিক স্তরের মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা বা মূল্যায়নের জন্য ফি নেওয়া সম্পূর্ণ বেআইনি।

বাংলাদেশ সময়: ২০:৩৮:২৩   ৩ বার পঠিত