![]()
নারায়ণগঞ্জে জনসাধারণের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও সেবাসংক্রান্ত বিষয় সরাসরি শুনে তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসনের নিয়মিত সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। এ সময় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন শ্রেণি-পেশার সেবাপ্রার্থীগণ উপস্থিত ছিলেন।
গণশুনানিতে আগত সেবাপ্রার্থীদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা, বিরোধ ও সেবাপ্রাপ্তির অভিযোগ মনোযোগসহকারে শোনেন জেলা প্রশাসক। শুনানিতে ভূমির সঠিক ব্যবস্থাপনা, নামজারি (মিউটেশন) ও সেবাসহজীকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির বলেন, “ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় নির্ভুল ও দ্রুততম সময়ে পৌঁছে দিতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। ভূমির মালিকানা ও খতিয়ান সংক্রান্ত জটিলতা সাধারণ মানুষকে সবচেয়ে বেশি ভোগান্তিতে ফেলে। কোনো সেবাপ্রার্থী যেন ভূমি অফিসে এসে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দালালচক্র নির্মূল করে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ভূমির সেবা নিশ্চিত করতে হবে। ভূমি সংক্রান্ত যেকোনো বৈধ অভিযোগের ক্ষেত্রে জেলা প্রশাসন তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
আজকের শুনানিতে আগত বিভিন্ন সেবাপ্রার্থীর আবেদন বিবেচনা করে বেশ কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়। এছাড়া অবশিষ্ট বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-দের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।
জনগণের দোরগোড়ায় সরকারি সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এই গণশুনানি কর্মসূচি নিয়মিত অব্যাহত থাকবে বলে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬:১৮:৫০ ৫ বার পঠিত