![]()
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর তৃতীয় দিনের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে স্থানীয় মৎস্যজীবী ও সংশ্লিষ্টদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।
দিনের কর্মসূচির শুরুতেই স্থানীয় মৎস্যজীবীদের অংশগ্রহণে এক আনন্দঘন সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতা শেষে কৃতিত্ব অর্জনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের উৎসাহিত করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব শরীফ শাওন। এ সময় তিনি মৎস্যজীবীদের এ ধরনের আয়োজনে অংশগ্রহণের প্রশংসা করেন এবং মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
পরবর্তীতে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে মৎস্যসম্পদের গুরুত্ব, উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে মৎস্যসম্পদ সংরক্ষণ, নিরাপদ মাছ উৎপাদন এবং মাছ চাষ ও আহরণের সঙ্গে সম্পৃক্ত জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।
বাংলাদেশ সময়: ২৩:১৩:৪৬ ১০ বার পঠিত