![]()
জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সাবেক মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন হাজারো নেতা-কর্মী, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষী। তবে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই প্রবীণ নেতার সমাধিস্থলের অবহেলা ও বেহাল দশা দেখে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন আগতরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মুলবাড়ী গ্রামের সমাধিস্থলে দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়।
স্মরণানুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করেন, সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, সিনিয়র সহসভাপতি আব্দুল আওয়াল এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু। সভাপতি ও সাবেক মেয়র ফয়জুল কবীর তালুকদার শাহীন এবং সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
অপরদিকে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার স্মৃতি সংসদের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল কবীর তালুকদার হুমায়ুন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরিষাবাড়ী পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, আরামনগর বাজার কমিটি ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন।
প্রয়াত নেতার একমাত্র কন্যা সালিমা তালুকদার আরুনী বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন। এরপর তিনি তাঁর দাদা মরহুম রিয়াজ উদ্দিন তালুকদারের কবরেও শ্রদ্ধা জানান এবং কবরস্থান প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে পরিবারের পক্ষ থেকে নিজ বাড়িতে দোয়া মাহফিল, স্মরণসভা এবং উপস্থিত সকলের মাঝে কাঙালি ভোজের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৭:৩৬:৪০ ৮ বার পঠিত