শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

ফরিদপুরে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র চালু করছে এসডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র চালু করছে এসডিসি
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬



ফরিদপুরে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র চালু করছে এসডিসি

ফরিদপুর জেলা প্রতিনিধি: নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণে উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি সাধারণ ভোক্তাদের জন্য নিরাপদ সবজি সহজলভ্য করতে ‘নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র’ চালু করছে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং এসডিসির বাস্তবায়নে ‘এগ্রো-মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট (এএমডি)’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ প্রকল্পের আওতায় কৃষি খাতে এসডিসির একজন নিয়মিত সদস্যকে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র পরিচালনার জন্য ২০ হাজার টাকার পণ্য সহায়তা প্রদান করা হয়েছে। এর মাধ্যমে উদ্যোক্তাকে নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদন ও
বাজারজাতকরণে উৎসাহিত করার পাশাপাশি ভোক্তাদের কাছে নিরাপদ সবজি সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এসডিসি কর্তৃপক্ষ জানিয়েছে,আগামী সপ্তাহ থেকে এসডিসি প্রধান কার্যালয় প্রাঙ্গণে সপ্তাহে দুই দিন এ বিক্রয় কেন্দ্র চালু থাকবে। প্রতি রবি ও মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা নিরাপদ সবজি বিক্রি করা হবে।
বিক্রয় কেন্দ্রে এসডিসির বিভিন্ন উদ্যোক্তার উৎপাদিত তাজা, নিরাপদ ও মানসম্মত সবজি পাওয়া যাবে। এতে ক্রেতারা অফিস প্রাঙ্গণ থেকেই সহজে নিজেদের পছন্দের বিভিন্ন ধরনের সবজি কিনতে পারবেন।
সংশ্লিষ্টরা জানান, নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং জনসাধারণের মধ্যে নিরাপদ কৃষিপণ্য ব্যবহারে সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগটি সফল করতে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১৪:১৩   ৬ বার পঠিত