![]()
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা আলফাডাঙ্গা থানা পরিদর্শন করে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন।
এ সময় তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে আলফাডাঙ্গা থানায় পৌঁছালে পুলিশ সদস্যরা ফুল দিয়ে সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান। পুলিশ পরিদর্শক (তদন্ত) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনকারী মোহাম্মদ আল-আমিনের নেতৃত্বে তাঁকে স্বাগত জানানো হয়।
পরে থানার ওসির কার্যালয়ে কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ড. ইলিয়াস মোল্লা।
এ সময় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, জননিরাপত্তা এবং পুলিশের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সভায় সংসদ সদস্য বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে জনগণের আস্থা অর্জন করে কাজ করতে হবে। অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশকে কোনো ধরনের পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বের সঙ্গে শুনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসাইন, নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী, পৌর আমির ওয়াহিদুল ইসলাম, আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মুন্সি বিল্লাল হোসাইন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মনিরুজ্জামান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিয়াউল হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ২৩:১৮:৩১ ৯ বার পঠিত