
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে বাউসী পঞ্চপীর এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় স্থানীয় একটি মসজিদের মোয়াজ্জেম মো. বাদশা মিয়া (৬০) গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মনির উদ্দিন এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক, কবর জিয়ারত ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। মাগরিবের পর বিএনপির কিছু নেতাকর্মী তাঁর বাড়িতে হামলা চালালে মেয়রের সমর্থকরা পাল্টা ধাওয়া দেয়, যা উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি করে।
সংঘর্ষ চলাকালে বাউসী মধ্যপাড়া জামে মসজিদের মোয়াজ্জেম বাদশা মিয়া মিলাদুন্নবী উপলক্ষে এশার নামাজ ও মিলাদে অংশ নেওয়ার জন্য মাইকে ঘোষণা দেন। তবে সংঘাতের মাইকিং ভেবে বিএনপি সমর্থকরা তাঁকে মারধর করে। এতে তাঁর পাঁজরের হাড় ও বাম হাতের অনামিকা আঙুলটি ভেঙে যায়। আহত মোয়াজ্জেম অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীদের বাধার কারণে তাঁকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি, ফলে তিনি বর্তমানে বাড়িতে পল্লী চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
তবে ঘটনা সম্পর্কে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম ফকির জানান, সাবেক মেয়র মনির উদ্দিন এলাকায় আওয়ামী লীগ কর্মীদের নিয়ে শোডাউন ও বৈঠক করার কারণেই সংক্ষুব্ধ পরিস্থিতির সৃষ্টি হয়।
এই বিষয়ে মেয়রের বাড়ীতে জানতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার ভাতিজা সবুজ মিয়া ও হাফিজুর রহমান জানান, ঘটনার উত্তেজনা মুহূর্তেই তিনি এলাকা ছেড়ে পালিয়েছেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১:৪৫:৪৩ ১ বার পঠিত