![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি সেচ পাম্পের ঘর থেকে রূপসী আক্তার (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পূর্ব চরপাকেরদহ বইশাগাড়ী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত রূপসী আক্তার একই ইউনিয়নের পূর্ব চরপাকেরদহ ঘোনাপাড়া এলাকার সাইর উদ্দিনের মেয়ে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কিছু জামাকাপড় নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। পরদিন শুক্রবার সকালে স্থানীয় এক কৃষক জমিতে সার ও কীটনাশক দিতে গিয়ে পাম্পের ঘরে রূপসীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর ধরে এক রাজমিস্ত্রির সঙ্গে রূপসীর প্রেমের সম্পর্ক ছিল এবং বিষয়টি নিয়ে পারিবারিক সমাধানের চেষ্টাও চলছিল।
প্রাথমিক তদন্ত শেষে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, তরুণীর গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ০:২৪:৩৯ ৫ বার পঠিত