মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার প্রধান আসামি মাইকেল ও তার ছেলে গ্রেফতার, ৩টি ছুরি উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার প্রধান আসামি মাইকেল ও তার ছেলে গ্রেফতার, ৩টি ছুরি উদ্ধার
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬



সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার প্রধান আসামি মাইকেল ও তার ছেলে গ্রেফতার, ৩টি ছুরি উদ্ধার

সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর মোঃ সজীব (৩২) হত্যা মামলার প্রধান এজাহারনামীয় আসামি ১ নম্বর আসামি নূর হোসেন ওরফে মাইকেল (৪০) ও তার ছেলে ২ নম্বর আসামি মোঃ আপন (২০)-কে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১:৫৫ ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড়া এলাকায় পূর্ব বিরোধের জের ধরে সজীবের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা শিরিনা আক্তার শিরিন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব তারেক আল মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করেন, প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ হাসিনুজ্জামান ও আইসিটি শাখার টিম ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মাসুম বিল্লাহর নেতৃত্বে পুলিশ ঢাকা ও কুমিল্লা জেলায় অভিযান চালায়। পরবর্তীতে গত ৩০ আগস্ট ২০২৬ তারিখ রাত ৭:৪০ ঘটিকায় এসআই (নিঃ) মাসুম বিল্লাহ ও এসআই (নিঃ) মোঃ বেলাল উদ্দিন ফকিরের নেতৃত্বে একটি টিম ফতুল্লা থানাধীন নন্দালাপুর এলাকা থেকে আসামি মাইকেল ও তার ছেলে আপনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা সিদ্ধিরগঞ্জের গোদনাইল (ধনকুন্ডা) মদিনাবাগ এলাকার স্থায়ী বাসিন্দা।

গ্রেফতারের পর তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে অদ্য ৩১ আগস্ট ২০২৬ তারিখ সকাল ৭:৩০ ঘটিকায় উত্তর মদিনাবাগ খালপাড় রাস্তার মাথায় খালের পানি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ৩টি ধারালো ছুরি উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য এজাহারনামীয় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১১:৩৪:১৯   ৩ বার পঠিত