মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

দেশের উন্নয়নের বীজ বিএনপিই বপন করেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের উন্নয়নের বীজ বিএনপিই বপন করেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬



দেশের উন্নয়নের বীজ বিএনপিই বপন করেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দীর্ঘ ৪৮ বছর ধরে দেশের মাটি ও মানুষের জন্য কাজ করে আসছে। দেশের যত উন্নয়ন হয়েছে, তার ভিত্তি রচনায় বিএনপির ভূমিকা রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসব উন্নয়নের অন্যতম প্রধান নায়ক।

(১সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা সদরের বাইপাস সড়কে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, স্বৈরাচারী সরকারের পতনের আন্দোলনে বিএনপি মাঠে থেকে কাজ করেছে। গত ১৭ বছরে দেশে ব্যাপক দুর্নীতি হয়েছে। দেশের অর্থ বিদেশে পাচার করে তৎকালীন এমপি ও মন্ত্রীরা বিদেশে বসে তা ভোগ করছেন।
ইউনূস সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘ইউনূস সরকার গত দেড় বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো উন্নয়ন করেনি। কিন্তু তারেক রহমানের নেতৃত্বে সব খাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে।’
সালথা-নগরকান্দার উন্নয়ন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, ‘আমরা যদি দল-মত–নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকি, তাহলে সালথা-নগরকান্দাকে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি করা হবে। ইতিমধ্যে বিদ্যুতের সব সমস্যা সমাধান করা হয়েছে।’

সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ।

অনুষ্ঠানে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেছ আলী ইশা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, সাবেক ইউপি চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, বিএনপি নেতা মুরাদুর রহমান, যুবদল নেতা এনায়েত হোসেন, সাফিকুল ইসলাম, মিরান হোসেন, বালাম হোসেন, মাহফুজ খান ও জসিম মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৯:৫৮   ৭ বার পঠিত