
কালকিনি প্রতিনিধি : দীর্ঘ কর্মজীবনের পাট চুকিয়ে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিত কুমার মজুমদার।
গত সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যালয় মিলনায়তনে তাঁর বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ পথপরিক্রমায় শিক্ষার্থীদের আলোর পথ দেখানো এই শিক্ষকের বিদায়ক্ষণে পুরো প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
বক্তারা বিদায়ী প্রধান শিক্ষকের দূরদর্শী নেতৃত্ব এবং শিক্ষার মান উন্নয়নে তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পরে বিদায়ী শিক্ষকের হাতে স্মারক সম্মাননা ও মানপত্র তুলে দেওয়া হয়।
আবেগাপ্লুত বক্তব্যে সুনিত কুমার মজুমদার বলেন, “প্রতিষ্ঠানের অবকাঠামোর চেয়ে আমার আত্মা মিশে আছে প্রতিটি শিক্ষার্থীর সাফল্যে। কর্মজীবন শেষ হলেও এই বিদ্যাপীঠ চিরকাল আমার হৃদয়ে থাকবে।”
অনুষ্ঠান শেষে শিক্ষক-শিক্ষার্থীরা এক পরম শ্রদ্ধায় তাঁদের প্রিয় প্রধান শিক্ষককে বিদায় জানান।
বাংলাদেশ সময়: ১১:১২:১৯ ২ বার পঠিত