![]()
জামালপুর প্রতিনিধি : সড়কে পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাসে ভাঙচুর ও চালকদের মারধরের প্রতিবাদে ঢাকা-জামালপুর রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন পরিবহন শ্রমিকরা। বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেল থেকে এই কর্মবিরতি শুরু হয়।
বুধবার সকালে জামালপুর সদরের নান্দিনা বাজারে ‘স্থানীয় ছাত্রজনতা’র ব্যানারে রাজিব পরিবহন বন্ধের দাবিতে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অভিযোগ উঠেছে, কর্মসূচি চলাকালে রাজিব পরিবহনের ঢাকাগামী ও জামালপুরগামী দুটি বাস আটকিয়ে ভাঙচুর চালানো হয়। একই সঙ্গে বাসের চালক ও হেল্পারকে মারধর করে সাথে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা একযোগে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন।
রাজিব পরিবহনের চালক মিলন আহমেদ বলেন, “দুপুরে দুটি গাড়ি আটকিয়ে নান্দিনা বাজারে টাকা-পয়সা ছিনতাই করা হয়েছে। ড্রাইভার ও হেল্পারকে মারধর এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় না আনা পর্যন্ত আমরা গাড়ি চালাবো না।”
বাসচালক মাহবুব শেখ বলেন, ”এর আগেও গাড়িতে আগুন দেওয়া এবং টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এবার প্রশাসন শক্ত ব্যবস্থা না নিলে জীবনের ঝুঁকি নিয়ে আমরা সড়কে নামবো না।”
জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন-৮২২ এর যুগ্ম আহ্বায়ক, হারুনুর রশীদ বলেন,
“অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ না নেওয়া এবং শ্রমিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত জামালপুর থেকে কোনো দূরপাল্লার বা অভ্যন্তরীণ রুটে বাস চলবে না।”
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, বাস শ্রমিক বা পরিবহন মালিকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা-জামালপুর রুটের সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
বাংলাদেশ সময়: ২৩:৪৮:২১ ৫ বার পঠিত