আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে

প্রথম পাতা » খুলনা » আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬



আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে

আগামী বছর থেকে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য জুতা ও স্কুলব্যাগ বিতরণ কার্যক্রম আরো সম্প্রসারণ করা হবে বলেও জানান তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে যশোর পিটিআই অডিটোরিয়ামে ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহি ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান প্রতিমন্ত্রী।

ববি হাজ্জাজ বলেন, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কার্যকর ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বর্তমান প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। সরকারি সেবার মধ্যে স্বাস্থ্য ও শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে।

তিনি বলেন, আগামীতে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেনগুলোও সরকারের মনিটরিংয়ের আওতায় আনা হবে। এর মাধ্যমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

প্রশিক্ষণ কর্মশালার একটি সেশন পরিচালনাকালে প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণির মৌলিক মানদণ্ড, বিদ্যালয় পরিদর্শনের নিয়ম ও কার্যপদ্ধতি, শিক্ষকদের প্রশিক্ষণ এবং গণমাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্কতাসহ প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন) মো. মতিয়ার রহমান এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (উপবৃত্তি) মো. মাসুদ হোসেন।
স্বাগত বক্তব্য দেন খুলনা বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক ড. মো. শফিকুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পিটিআই সুপারিনটেনডেন্ট, সহকারী সুপারিনটেনডেন্টসহ প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:০২   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সাংস্কৃতিক সপ্তাহ শুরু
শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী
সুন্দরবন মহিলা কলেজের আইসিটি ল্যাবের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ