![]()
গাড়িচালক অন্যায় করেছিল (উল্টো পথে গাড়ি চালিয়েছেন), তাই তাকে মামলা দিয়ে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠায় অন্যায়কারী যে-ই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদক নির্মূল প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘যেখানে মাদক পাওয়া যাবে, যে মাদক সেবন করবে, যে মাদক রাখবে—আমি পুলিশ কর্মকর্তাকে বলে যাচ্ছি, কোনো সুপারিশে ছেড়ে দেওয়া যাবে না। তাদের জেল খাটতে হবে।’
এ সময় তিনি খুন-ধর্ষণ, মারামারি, জমি বা দোকানপাট দখলকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন।
এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন,‘খুব শিগগির নদীভাঙন প্রতিরোধে দেওয়ানগঞ্জের জন্য ৫৭০ কোটি টাকা একনেকে অনুমোদন হয়ে যাবে। প্রতিটি ইউনিয়নে নতুন সার ডিলার নিয়োগ দেওয়া হবে, যাতে ফ্যাসিবাদ আমলের ডিলাররা সার নিয়ে কোনো ষড়যন্ত্র করতে না পারে।’
মন্ত্রী বলেন, ‘প্রতিটি ইউনিয়নের মসজিদের খতিব ও ইমামদের সরকারিভাবে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে। নতুন করে দুজন করে কাজী নিয়োগ দেওয়া হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান চান ২৪ কোটি মানুষ কাজ করুক। সবাইকে কাজ করার সুযোগ দিতে হবে।’
জনসভায় আরো বক্তব্য দেন, ‘জামালপুর জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হক, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সিনিয়র সহসভাপতি বাবু শ্যামল চন্দ, সহসভাপতি মাহবুবুল হাসান, দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
বাংলাদেশ সময়: ২৩:৫২:৫৯ ৩ বার পঠিত