শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

নগরকান্দায় যুবদল নেতার বিরুদ্ধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, বিএনপি কর্মী আহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দায় যুবদল নেতার বিরুদ্ধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, বিএনপি কর্মী আহত
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬



নগরকান্দায় যুবদল নেতার বিরুদ্ধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, বিএনপি কর্মী আহত

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা এলাকায় বাড়িতে হামলার ঘটনার পর থানায় যাওয়ার পথে বিএনপির এক কর্মীকে মারধর এবং তার মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফরিদপুর জেলা যুবদলের মৎস্যবিষয়ক সম্পাদক জাহিদ মাতুব্বরসহ আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন মো. পলাশ শিকদার।
পলাশ শিকদারের অভিযোগ, ৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে নগরকান্দা একাডেমি মাঠের পেছনে এ হামলার ঘটনা ঘটে।
তার ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে তাদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাতে তারা নগরকান্দা থানায় যান। তাদের সঙ্গে থাকা দুই-তিনজন অসুস্থ থাকায় হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে পলাশ শিকদার থানার কাছ থেকে রওনা দেন।
তিনি অভিযোগ করেন, নগরকান্দা একাডেমি মাঠের পেছন দিয়ে হাসপাতালে যাওয়ার সময় জাহিদ মাতুব্বরসহ প্রায় ১৫ থেকে ২০ জন তাদের ওপর হামলা চালান। এ সময় তাকে মারধর করা হয় এবং তার মোবাইল ফোন ও টাকা নিয়ে নেওয়া হয় বলে তিনি দাবি করেন।
পলাশ শিকদার আরও জানান, হামলার একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে ও তার সঙ্গে থাকা অন্যদের উদ্ধার করে নগরকান্দা হাসপাতালে ভর্তি করেন।
তিনি দাবি করেন, হামলার সময় ঘটনাস্থলে একজন সাংবাদিক উপস্থিত ছিলেন এবং তিনি ঘটনার ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি নগরকান্দা থানায় জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানান। তবে অসুস্থ অবস্থায় ওই সাংবাদিকের নাম জানতে পারেননি বলে দাবি করেন পলাশ।
এ বিষয়ে অভিযুক্ত জাহিদ মাতুব্বরের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে নগরকান্দা থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের সত্যতা এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৫:০১:২৬   ২৯ বার পঠিত