![]()
সদরপুর ফরিদপুর প্রতিনিধি : কিশোর, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখতে এবং খেলাধুলার মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দায় চাকরিজীবী একাদশ বনাম আমজনতা একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আকর্ষণীয় এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় মনোমুগ্ধকর প্রতিদ্বন্দ্বিতার পর আমজনতা একাদশ ৩-১ গোলের ব্যবধানে চাকরিজীবী একাদশকে পরাজিত করে বিজয় অর্জন করে।
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি শিশু, কিশোর ও যুবকদের খেলাধুলায় উৎসাহিত করার উদ্দেশ্যে শ্রাঙ্গাল গ্রামের কৃতী সন্তান ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ইয়াকুব আলীর উদ্যোগে এ ব্যতিক্রমী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলাটি এলাকায় দর্শক ও সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
ডাঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার সাইফুজ্জামান বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন ডাঙ্গী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস আলী মাতুব্বর।
এ সময় উপস্থিত ছিলেন ডাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রহিজউদ্দীন চোকদার, সরদার সাব্বির, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান মোল্লা তারা, বিএনপি নেতা জহিরউদ্দিন চোকদার লুলু, মুরাদ হোসেন মিয়ার ভাতিজা দিশান শেখ ফয়সাল, ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম, আমজনতা একাদশের টিম ম্যানেজার ও বিএনপি নেতা খায়রুজ্জামান মোল্লা টিটুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।
বাংলাদেশ সময়: ১৫:৪৩:১১ ২৪ বার পঠিত