শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে প্রথম স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে আটকে রেখে নির্যাতন ও জমি দখলের অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে প্রথম স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে আটকে রেখে নির্যাতন ও জমি দখলের অভিযোগ
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬



সরিষাবাড়ীতে প্রথম স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে আটকে রেখে নির্যাতন ও জমি দখলের অভিযোগ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে শফিকুল ইসলাম মোল্লা (৫২) নামে এক ব্যক্তিকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে আটকে রেখে নির্যাতন এবং জমিজমা লিখে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী গ্রামে।

​অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ জুলাই শফিকুল ইসলাম এক বিধবা নারীকে বিয়ে করার পর থেকেই প্রথম স্ত্রী সানজিদা আক্তার শিমুর সঙ্গে তাঁর বিরোধ চলছিল। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শফিকুল নিজ বাড়িতে গেলে প্রথম স্ত্রী ও তাঁর স্বজনরা তাঁকে বাধা দেন এবং মারধর করে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বালাসূতি গ্রামে নিয়ে আটকে রাখেন। সেখানে তাঁর নামে থাকা জমিজমা লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ ও শারীরিক নির্যাতন চালানো হয় বলে দাবি ভুক্তভোগীর। এছাড়া বাড়ি থেকে নগদ ২ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ারও অভিযোগ করেন তিনি।

​খবর পেয়ে ধনবাড়ী ও সরিষাবাড়ী থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় চার ঘণ্টা পর উদ্ধার হন শফিকুল। পরবর্তীতে তিনি সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনায় শফিকুল বাদী হয়ে প্রথম স্ত্রী, সুমুন্দি সাইফুল ইসলামসহ ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

​তবে নির্যাতনের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত সাইফুল ইসলাম দাবি করেন, শফিকুল তাঁর বোনকে মারধর করায় তাঁরা কথা বলার জন্য শফিকুলকে নিজ বাড়িতে নিয়ে এসেছিলেন, কোনো নির্যাতন করা হয়নি।

​সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২২:৪৬:২৫   ৫ বার পঠিত