![]()
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : যুব সমাজকে ক্রীড়ামুখী করতে পারলে মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠন করা সম্ভব বলে মন্তব্য করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণদের আইকন, শিক্ষানুরাগী, ক্রীড়াপ্রেমী ও বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট হেমায়েত হোসেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে চরনারানদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কদমতলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৮-দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে অ্যাডভোকেট হেমায়েত হোসেন বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও ইতিবাচক মানসিকতা তৈরি করে। মাদক ও সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন বাড়াতে হবে। কদমতলা যুব সমাজের এ উদ্যোগ প্রশংসনীয়।
চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শওকত আলী সরদার ও সিনিয়র শিক্ষক এস.এম. শাহনেওয়াজ সিকদার (রিপন)-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. শাহ আলম।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. শাহ আলম বলেন, “খেলাধুলা শরীর ও মন সুস্থ রাখার পাশাপাশি তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলে। মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন প্রয়োজন।” তিনি এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মো. অলিয়ার রহমান সিকদার, চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক ও মেডিকো এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক মো. মিকাইল সরদার, চরনারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. হিটলার রহমান খান, চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সাবেক আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াছিন মাস্টার এবং পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাইফুর রহমান।
এর আগে কদমতলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৮-দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় শুকদেবনগর স্পোর্টিং ফুটবল একাদশ ও আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শুকদেবনগর স্পোর্টিং ফুটবল একাদশকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশ।
ফাইনাল খেলাকে ঘিরে চরনারানদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দর্শক ও ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি ছিল। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচজুড়ে ছিল উত্তেজনা ও উৎসবের আমেজ। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে জয় উদ্যাপনে মেতে ওঠেন আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশের খেলোয়াড় ও সমর্থকেরা। রানার্সআপ হয় শুকদেবনগর স্পোর্টিং ফুটবল একাদশ।
বাংলাদেশ সময়: ২২:৫০:৪১ ৪ বার পঠিত