
রাজধানীর দক্ষিণখানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চিহ্নিত চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের সাত সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– মো. হাসান (২১), মো. সায়েম (১৯), মোকলেছুর রহমান (২৫), রাহিম সিকদার (২২), গোলাম রহমান (৩০), মেহরাজ হাসান অন্তর (২০) ও শাকিল আহম্মেদ হৃদয় (২৫)।
শনিবার দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন এসব তথ্য জানান।
পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের একটি ঘটনা ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের। এরপর দক্ষিণখান এলাকায় অভিযান জোরদার করা হয়।
এর ধারাবাহিকতায় শনিবার দক্ষিণখান থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে দেশীয় অস্ত্রসহ চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া পৃথক অভিযানে ১৬৩টি ইয়াবাসহ কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির উত্তরা বিভাগ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কিশোর গ্যাং, চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:৫৪:০৪ ৮ বার পঠিত