
সৌদি প্রো লিগের পঞ্চম রাউন্ডের হাইভোল্টেজ ম্যাচে আল-ইত্তিহাদের বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসর। এদিন নিজের সেরাটা দিতে পারেননি দলটির সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বিপরীতে দুর্দান্ত ফুটবল খেলে ২-১ গোলের জয় তুলে নিয়েছে আল-ইত্তিহাদ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রথমার্ধে অল-আউট ফুটবল খেলে ম্যাচের ওপর পুরো নিয়ন্ত্রণ ধরে রাখে ইত্তিহাদ। বিরতির পর সমতায় ফিরতে আক্রমণের ঝড় তুললেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি আল-নাসর।
এই হারের ফলে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানেই আটকে রইল আল-নাসর। অন্যদিকে সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে আল-হিলাল। জয় পাওআ আল-ইত্তিহাদ ১১ পয়েন্ট নিয়ে উঠে এসেছে চার নম্বরে।
ম্যাচের বাঁশি বাজতেই আক্রমণাত্মক ফুটবলে আল-নাসরকে চেপে ধরে আল-ইত্তিহাদ। হাই-প্রেসিং ফুটবলে ‘দ্য গ্লোবাল ক্লাব’ খ্যাত আল-নাসরকে নিজ অর্ধে বন্দি করে ফেলে তারা। পেছন থেকে বিল্ড-আপ করে অ্যাটাকে ওঠার সব রাস্তা বন্ধ করে দেয় আল-ইত্তিহাদ।
প্রতিপক্ষের এমন দমবন্ধ করা আক্রমণের সামনে দিশেহারা হয়ে পড়ে আল-নাসরের রক্ষণভাগ। প্রথম কয়েক মিনিটের মধ্যেই ম্যাচের লাগাম পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় আল-ইত্তিহাদ।
এই চেপে রাখার সুফল পেতেও বেশি দেরি হয়নি। খেলার বয়স মাত্র চার মিনিট না হতেই আল-নাসরের জালে বল জড়িয়ে আল-ইত্তিহাদকে দুর্দান্ত সূচনা এনে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড জর্জ ইলেনিকেনা।
প্রথম গোলের পরও আক্রমণে আরও গতি বাড়ায় আল-ইত্তিহাদ। ব্যবধান বাড়াতে গোলক্ষুধায় মরিয়া হয়ে ওঠে তারা। ১৫ মিনিটের মাথায় আবারও আল-নাসরের জালে বল পাঠান ইলেনিকেনা। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। রেফারির অফসাইডের বাঁশিতে বাতিল হয় গোলটি।
তবে ইলেনিকেনাকে রোখা যায়নি বেশি সময়। প্রথম গোল বাতিলের ধাক্কা সামলে ২২ মিনিটের মাথায় আবারও জ্বলে ওঠেন এই নাইজেরিয়ান। নিখুঁত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করা গোলটি তুলে নেন তিনি।
তবে ধীরে ধীরে নিজেদের খোলস ছেড়ে বের হতে শুরু করে আল-নাসর। শুরুর ভুলগুলো শুধরে নিয়ে আল-ইত্তিহাদের জোড়া চাপ সামলে আক্রমণে উঠতে শুরু করে রোনালদোরা।
ধীরে ধীরে ম্যাচের ছন্দ ফিরে পায় আল-নাসর। ৩৬ মিনিটের মাথায় চোখধাঁধানো এক দূরপাল্লার শটে বল জালে জড়িয়ে আল-ইত্তিহাদের লিড অর্ধেক করে দেন অ্যান্জেলো।
তার এই দুর্দান্ত গোলে বিরতিতে যাওয়ার আগেই ম্যাচে ফেরার আশা জিইয়ে রাখে আল-নাসর। তবে ম্যাচের পুরো সময় খেলে কোনো গোলের দেখা পাননি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
বাংলাদেশ সময়: ১২:০২:১১ ৪ বার পঠিত