
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ রিপন কাজী (৫৬) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (০৬ সেপ্টেম্বর, ২০২৬) বিকেল আনুমানিক ৪:৪৫ ঘটিকার সময় এএসআই (নিঃ) আব্দুল হামিদ খাঁনের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান চালায়। ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকাস্থ রিপন কাজীর বাড়ীর সামনের বালুর মাঠ থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ রিপন কাজী (৫৬) দাপা ইদ্রাকপুর এলাকার মৃত মতলব কাজী ও মৃত সুফিয়া বেগমের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর পূর্বের পিসিপিআর (PCPR) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৩:৪৯:৫৯ ২ বার পঠিত