![]()
নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভা এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।
মতবিনিময় সভায় উপস্থিত অভিভাবকবৃন্দ স্কুলের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মূল্যবান পরামর্শ ও অভিযোগ তুলে ধরেন। জেলা প্রশাসক অভিভাবকদের প্রতিটি বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়সমূহ যথাযথভাবে পর্যালোচনা করে দ্রুত ও কার্যকর সমাধানের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও বিশেষ সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “শিক্ষা কেবল ভালো ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদের শুধু ফলাফলমুখী শিক্ষার পেছনে না ছুটে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা এবং বাস্তবজীবনের উপযোগী জ্ঞান অর্জনের দিকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে। তবেই তারা ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।”
উক্ত অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:০৮:১৩ ৫ বার পঠিত