![]()
নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি: শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সৃজনশীলতা বিকাশ এবং বিদ্যালয়ে আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় উপজেলার ৬০ নং গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু করা হয়েছে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’।
সম্প্রতি বিদ্যালয়টিতে উপস্থিত হয়ে এই নান্দনিক পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এস এম ফয়েজ উদ্দিন।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগে শিশুদের কোমল মনে পাঠ্যবইয়ের পাশাপাশি ছড়া, গল্প ও জ্ঞানবিজ্ঞানের বইয়ের প্রতি আগ্রহ তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাঠাগারটিকে শিশুদের উপযোগী করে রঙিন, আকর্ষণীয় ও নান্দনিকভাবে সাজানো হয়েছে, যাতে বিদ্যালয়ে অবস্থানকালীন সময়টি তাদের কাছে আরও আনন্দময় ও উপভোগ্য হয়ে ওঠে।
![]()
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিশুদের মানবিক ও মননশীল বিকাশের লক্ষ্যে এই ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ প্রকল্প চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়েই এই ধরনের পাঠাগার স্থাপন করা হবে। এর মাধ্যমে শৈশব থেকেই কোমলমতি শিক্ষার্থীদের বইমুখী করার পাশাপাশি তাদের সৃজনশীল চিন্তাশক্তি ও সাধারণ জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
শিক্ষাবিদ ও স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সংশ্লিষ্টদের মতে, প্রযুক্তির আসক্তির এই যুগে শিশুদের হাতে ছড়াবোঝাই বই তুলে দেওয়ার এ পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানমনস্ক, দায়িত্বশীল ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।
বাংলাদেশ সময়: ১৮:৩৪:২৮ ১০ বার পঠিত