শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক

প্রথম পাতা » ছবি গ্যালারী » খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬



খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে ইতোমধ্যে কাজ শুরু করেছি। আমাদের নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার কার্যক্রম চলমান রয়েছে। সারা দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মাঠ সংরক্ষণের জন্যও কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার হাবিবউল্লাহ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, তারেক রহমানের নেতৃত্বে প্রতিটি জেলার প্রতিটি ইউনিয়নের মাঠে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ধরনের ইভেন্ট চলমান রয়েছে। মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি প্রমাণ করে, বাংলাদেশের খেলাধুলা সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নের প্রতিটিতে মাঠ সংরক্ষণের মাধ্যমে খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে চান তারা। একই সঙ্গে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রমও চলমান রয়েছে।

তিনি বলেন, ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে নিয়ে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারব। সেই সমাজ আমাদের বিশ্বাস করাবে যে আমরা সঠিক পথে রয়েছি এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাসিরউদ্দিন কালু এবং পুলিশ সুপার রওনক জাহান।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:০৫   ৩ বার পঠিত