জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিএসপি সার বিক্রির অপরাধে এক সার ডিলারকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বাজিতের পাড়া এলাকায় উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, বিএডিসি সার ডিলার মুনতাজুর আলী কৃষকদের কাছে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে টিএসপি সার বিক্রি করছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ঘটনার সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ওই ডিলারকে ৮ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে শাস্তির আদেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ সুরক্ষায় এবং সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে উপজেলা জুড়ে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২০:২০:৪৮ ৫৯ বার পঠিত