শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে জমি দখল ঘিরে পাল্টাপাল্টি মামলা, হয়রানির অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে জমি দখল ঘিরে পাল্টাপাল্টি মামলা, হয়রানির অভিযোগ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬



সরিষাবাড়ীতে জমি দখল ঘিরে পাল্টাপাল্টি মামলা, হয়রানির অভিযোগ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে মারধর, গাছ কাটা, বসতবাড়িতে অগ্নিসংযোগের হুমকি এবং পাল্টাপাল্টি মামলার অভিযোগ উঠেছে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

​মামলার নথি সূত্রে জানা যায়, পিংনা ইউনিয়নের রাধানগর গ্রামের মুক্তার হোসেন বাদী হয়ে জামালপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১০৭/১১৭ ধারায় মামলা (নং-৪০৬/২০২৬) দায়ের করেছেন। এতে পিংনা দক্ষিণপাড়া গ্রামের মাকছুদুর করিম, সাইদুল হাসান সাঈদ ও মাহমুদুল হাসানকে আসামি করা হয়। বাদীপক্ষের দাবি, ওয়ারিশ সূত্রে তারা জমি ভোগদখল করছেন। তবে প্রতিপক্ষ জমিটি দখলে নেওয়ার জন্য মোবাইল ফোনে খুন-গুম ও ঘরবাড়িতে আগুন দেওয়ার হুমকি দিচ্ছে। একই গ্রামের আমেনা বেগমও গাছ কাটা ও জমি দখলের চেষ্টার অভিযোগে সেলিম মিয়া, সুজন মিয়া ও সজিব মিয়ার বিরুদ্ধে পৃথক অভিযোগ জমা দিয়েছেন।

​অন্যদিকে, মাকছুদুর করিম বাদী হয়ে মুক্তার হোসেন, আমবাজ আলীসহ চারজনের বিরুদ্ধে সরিষাবাড়ী আমলি আদালতে সিআর মোকদ্দমা (নং-১৪৫(১)/২০২৬) করেন। সেখানে বাশুরিয়া মৌজার ৫৮ নম্বর দাগের ৫৯ শতাংশ জমিতে ৩ লাখ ৯০ হাজার টাকার ক্ষতির দাবি জানানো হয়। এছাড়া তিনি স্থানীয় ভূমি কর্মকর্তা ও জেলা প্রশাসককে মোকাবিলা বিবাদী করে সরিষাবাড়ী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি মামলা (নং-১৮৮(১)/২০২৫) করেছেন।

​জমিটি সিএস রেকর্ডে বদর শেখের নামে ছিল, তবে ১৯৮২ সালের বিআরএস রেকর্ডে ভুলবশত সেফায়েত করিমের নামে অন্তর্ভুক্ত হয় বলে ভুক্তভোগীদের দাবি। এ সংক্রান্ত রেকর্ড সংশোধনী মামলা বর্তমানে আদালতে বিচারাধীন।

​বর্তমান দখল রক্ষা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়েছে ভুক্তভোগী মুক্তার হোসেনের পরিবার।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৫৯   ১০৮ বার পঠিত