রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী

প্রথম পাতা » চট্টগ্রাম » হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬



হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী

শেখ হাসিনার আমলে বিরোধী দল ও মতের মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আমরা একটি অন্ধকার সময় পার করে এসেছি। যারা বিরোধী শক্তিতে ছিলেন, যারা বিরোধী দল করতেন—তাদের বেঁচে থাকার অধিকার ছিল না। সুস্থভাবে জীবনযাপন করার অধিকার ছিল না। বাইরে বের হয়ে আবার নিরাপদে বাড়ি ফিরে ঘুমাতে পারবেন কিনা—সেই নিশ্চয়তাও ছিল না।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর ফরহাদনগরে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে শহীদ যুবদল নেতা হারুনুর রশীদের পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন রুহুল কবির রিজভী।

এ সময় রিজভী অভিযোগ করেন, ক্ষমতা পাকাপোক্ত করতে শেখ হাসিনা নিজের দলের নেতাকর্মীসহ শিশু ও শিক্ষার্থীদের হত্যা করতেও দ্বিধা করেননি। বছরের পর বছর দেশে গুম-খুন চলেছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশের বিভিন্ন প্রান্তে পুলিশ ও র ্যাবের হাতে মানুষের রক্ত ঝরেছে। সেই নির্মমতারই শিকার শহীদ যুবদল নেতা হারুনুর রশীদ।

রিজভী বলেন, হারুনুর রশীদকে পুলিশের গুলিতে হত্যা করা হয়েছে। তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আজ তার পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হলো।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশ্রাফ উদ্দিন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহসম্পাদক বেলাল আহমেদ, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ।

পরে রুহুল কবির রিজভী শহীদ হারুনুর রশীদের কবর জিয়ারত ও তার বাড়ি পরিদর্শন করেন।

এ সময় হারুনুর রশীদের স্ত্রী জোহরা আক্তার, মেয়ে মাজেদা আক্তার, আকলিমা আক্তার ও ছেলে তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। তারা নতুন ঘর পেয়ে সরকার প্রধান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হত্যাকারী পুলিশ সদস্যের দ্রুত বিচার দাবি করেছেন।

হারুনুর রশীদের পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০২৬ সালের ১২ এপ্রিল।

২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে হরতালের সমর্থনে মিছিল চলাকালে পুলিশের গুলিতে নিহত হন যুবদল নেতা হারুনুর রশীদ।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৪১   ৫ বার পঠিত