রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক পুনঃস্থাপন করতে চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক পুনঃস্থাপন করতে চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬



বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক পুনঃস্থাপন করতে চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক ‘পুনঃস্থাপন’ করতে চায় এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে একটি গঠনমূলক দ্বিপক্ষীয় অংশীদারিত্ব গড়ে তুলতে চায়।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা একটি নতুন সম্পর্কের দিকে এগিয়ে যেতে চাই। এটি বহুপক্ষীয় ফোরামের মাধ্যমে নয়, বরং দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই হওয়া উচিত।’

হুমায়ুন কবির বলেন, ভারতের প্রতি অতিরিক্ত মোহগ্রস্ততা থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে এবং অন্যান্য দেশের সঙ্গে যেভাবে সম্পর্ক গড়ে তোলা হয়, একইভাবে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে নয়াদিল্লির সঙ্গে সম্পর্ককে দেখতে হবে।

তিনি বলেন, ‘আমাদের ভারত-মোহ থেকে বেরিয়ে আসতে হবে। ভারত আর দশটি দেশের মতোই একটি দেশ এবং বাংলাদেশ তার সঙ্গে ভালো দ্বিপক্ষীয় সম্পর্ক চায়।’

‘কর্তৃত্ববাদী, দুর্নীতিগ্রস্ত ও শোষণমূলক’ শাসনের অধীনে গত ১৫ বছরে ভারতের সঙ্গে সম্পর্ক অস্বস্তিকর ছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা এখন দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় শুরু করতে চায়।

দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পৃক্ততা নিয়ে তার আগের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ওই মন্তব্যগুলো বিশেষভাবে ভারতের প্রসঙ্গে করা হয়েছিল।

তিনি বলেন, ‘আমি যা বলেছিলাম, তা মূলত ভারতের ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা ভারতের সঙ্গে একটি ভালো কার্যকর দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে চাই।’

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ যখন কোনো দেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন বা আরও জোরদার করতে চায়, তখন প্রাথমিক যোগাযোগ বহুপক্ষীয় ফোরামের বৈঠকের পার্শ্ববৈঠকের পরিবর্তে একটি নির্দিষ্ট দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে হওয়াই আদর্শ।

‘এটি শুধু ভারতের ক্ষেত্রেই বলা হয়েছিল। আমি কখনোই বলিনি যে আমরা কোনো বহুপক্ষীয় অনুষ্ঠানে যোগ দিলে কারও সঙ্গে দেখা করব না,’ তিনি যোগ করেন।

প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, বাংলাদেশ প্রয়োজন অনুযায়ী আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামের বৈঠকের পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে বৈঠক অব্যাহত রাখবে।

বাংলাদেশ-ভারত সীমান্তে সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ঢাকা প্রতিষ্ঠিত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেবে।

তিনি বলেন, ‘আমরা কূটনৈতিক আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করব।’

হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক আইন এবং বিদ্যমান সীমান্ত প্রটোকল ও দ্বিপক্ষীয় চুক্তি মেনে বাংলাদেশ উপযুক্ত সব পর্যায়ে ভারতের কাছে তার উদ্বেগের বিষয়গুলো তুলে ধরবে।

১০১টি সমঝোতা স্মারক (এমওইউ) পর্যালোচনা করা হচ্ছে- এমন প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এসব চুক্তি সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে যাচাই-বাছাই ও পর্যালোচনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:৫৫:২৭   ৫ বার পঠিত