![]()
নারায়ণগঞ্জ শহরে চলাচলকারী অটোরিকশার সংখ্যা এবং অটোরিকশার গ্যারেজগুলোর তালিকা তৈরির দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। একই সঙ্গে এসব গ্যারেজের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না, তাও যাচাইয়ের আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সভায় বাসস্ট্যান্ড ও অটোরিকশা চলাচল নিয়ে আলোচনার সময় আবুল কালাম বলেন, শহরে কতটি অটোরিকশা চলাচল করছে এবং কতটি অটোরিকশার গ্যারেজ রয়েছে, তার সঠিক তালিকা করা প্রয়োজন। একই সঙ্গে অটোরিকশাগুলোর চলাচল ও গ্যারেজ পরিচালনার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়েও তথ্য যাচাই করা দরকার।
তিনি বলেন, ‘কতোটি অটো চলতাছে শহরে’ এ বিষয়েও তথ্য নেওয়া প্রয়োজন। রাজনৈতিক দলের কর্মীদের জন্য অনেক অটোরিকশা চলাচল করছে বলেও অভিযোগ করেন তিনি।
অটোরিকশাচালকদের বিষয়ে আবুল কালাম বলেন, অনেক চালককে দেখে মনে হবে না যে তারা অটোরিকশাচালক। বিষয়টি নজরদারির আওতায় আনা প্রয়োজন।
লিংক রোডের প্রসঙ্গে তিনি বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশের সময় ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এ এলাকায় ট্রাফিক পুলিশের ব্যবস্থা করার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
সভায় হাসপাতালগুলোতে দালালের দৌরাত্ম্য নিয়েও আলোচনা হয়। পাশাপাশি ডায়াবেটিস সেবায় নির্ধারিত আসনের তুলনায় বেশি রোগী ভর্তি থাকার বিষয়টি তুলে ধরা হয়।
লোডশেডিং নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সংসদ সদস্য। বিদ্যুৎ অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে কি না, সে বিষয়েও নজরদারির আহ্বান জানান তিনি।
এ ছাড়া রাইফেল ক্লাবের বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করার কথা জানান আবুল কালাম।
অস্ত্রের লাইসেন্স প্রসঙ্গে তিনি বলেন, যারা দোসর ও পলাতক রয়েছেন, তাদের নামে থাকা অস্ত্রের লাইসেন্স এখনো কীভাবে বহাল রয়েছে এবং সেসব অস্ত্রের বর্তমান অবস্থান কী, তা খতিয়ে দেখা প্রয়োজন।
বাংলাদেশ সময়: ২২:৫৮:০০ ৪ বার পঠিত