সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

জমি সংক্রান্ত বিরোধে সরিষাবাড়ীতে কৃষককে গলা চিপে হত্যার চেষ্টা, আহত ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » জমি সংক্রান্ত বিরোধে সরিষাবাড়ীতে কৃষককে গলা চিপে হত্যার চেষ্টা, আহত ৪
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬



জমি সংক্রান্ত বিরোধে সরিষাবাড়ীতে কৃষককে গলা চিপে হত্যার চেষ্টা, আহত ৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের পূর্বপরিকল্পিত হামলায় চারজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে এক বৃদ্ধ কৃষককে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

​রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা পূর্ব উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

​স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, আদ্রা মৌজার ৯৮ শতাংশ পৈতৃক জমিতে বীজ ও মরিচের চারা রোপণ করতে যান আঃ রশিদ ফকির। এ সময় আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষরা রামদা, লোহার রড, শাবল ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। আঃ গণি শেখের নির্দেশে হামলাকারীরা এলোপাথাড়ি কোপাতে ও পেটাতে শুরু করে।

​হামলায় রামদার কোপে ভাসানি নামে একজনের মাথা ফেটে মারাত্মক জখম হয় এবং কনুইয়ের হাড় ফেটে যায়। লোহার রডের আঘাতে ফরহাদ নামে একজনের ডান হাতের দুটি আঙুল ভেঙে যায় এবং ফরিদের হাত ও নাকে গুরুতর জখম হয়। হামলার একপর্যায়ে আসামি হায়দর আলী বাদী রশিদ ফকিরের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

​আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে ফরহাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

​এ ঘটনায় ভুক্তভোগী আঃ রশিদ ফকির বাদী হয়ে আঃ গণি শেখ, হাবিবুর রহমান হাবেল, হায়দর আলী ও মতিসহ ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উল্লেখ্য, বিরোধপূর্ণ এই জমি নিয়ে পূর্বেও থানায় জিডি (নং-১১৬৬) এবং আদালতে সি.আর মামলা (নং-৫১৬ (১)২০২৬) দায়ের করা হয়েছিল, যা বর্তমানে পিবিআই (PBI) তদন্ত করছে।

​সরিষাবাড়ী থানা পুলিশ জানায়, প্রাপ্ত লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৭:২১   ৮ বার পঠিত