![]()
ফরিদপুরের সদরপুরে অটোরিকশার ধাক্কায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম জান্নাতুল আক্তার জান্নাতি (৭)। সে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বৈদ্যডাঙ্গী গ্রামের শেখ রিপনের মেয়ে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৩টায় সদরপুরের বৈদ্যডাঙ্গী গ্রামে শেখ শহিদের বাড়ির সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও পুলিশের বরাতে জানা যায়, জান্নাতি শেখ শহিদের বাড়ির সামনে পাকা সড়কের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় চরভদ্রাসন থেকে সদরপুরের দিকে আসা একটি অজ্ঞাত অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে অটোরিকশার নিচে পড়ে যায়। বিকট শব্দ শুনে শেখ রিপন ও স্বজনরা তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
পরে চরভদ্রাসন উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দিলে চরভদ্রাসন থানার জরুরি ডিউটি অফিসার এসআই (নিঃ) মো. রিপন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
এ বিষয়ে সদরপুর থানার ওসি (তদন্ত) মো. মোখলেসুর রহমান বলেন, লাশ উদ্ধার করে চরভদ্রাসন থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় সদরপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ২১:০৫:৪২ ২৩ বার পঠিত