![]()
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গার কৃতী শিক্ষার্থী রিয়ন খান একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে অসাধারণ মেধার স্বাক্ষর রেখেছে। দেশের খ্যাতনামা দুই শিক্ষাপ্রতিষ্ঠান নটরডেম কলেজ ও সেন্ট জোসেফ কলেজের ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করে উভয় প্রতিষ্ঠানেই ভর্তির সুযোগ পেয়েছে সে। তার এ অর্জনে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের সুবাতাস।
রিয়ন খান উপজেলার মালা গ্রামের বাসিন্দা। সে ১৯ নম্বর মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানার জ্যেষ্ঠ সন্তান। তার মা রেশমি খানম গৃহিণী।
১৯ নম্বর মালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেই রিয়নের শিক্ষাজীবনের হাতেখড়ি। পরে সে কাশিয়ানী গিরীশ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। ওই বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে রিয়ন।
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এবার নটরডেম কলেজ ও সেন্ট জোসেফ কলেজে ছিল তীব্র প্রতিযোগিতা। গত ১০ সেপ্টেম্বর নটরডেম কলেজ এবং ১১ সেপ্টেম্বর সেন্ট জোসেফ কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শত শত মেধাবী শিক্ষার্থীর প্রতিযোগিতার মধ্য দিয়ে দুই প্রতিষ্ঠানেই ভর্তির সুযোগ পায় রিয়ন।
ভর্তি পরীক্ষায় নটরডেম কলেজে দ্বিতীয় এবং সেন্ট জোসেফ কলেজে ২৪৫তম স্থান অর্জন করেছে সে।
রিয়নের বাবা সোহেল রানা বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে আমার ছেলে নটরডেম ও সেন্ট জোসেফ কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। তার এ সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। পরবর্তী শিক্ষাজীবনেও সে যেন ভালো ফলাফল করতে পারে, এজন্য সবার কাছে দোয়া চাই।
মা রেশমি খানম বলেন, ছেলের এ সাফল্যে আমরা খুবই আনন্দিত। ছোটবেলা থেকেই রিয়ন পড়াশোনার প্রতি মনোযোগী। তার এ অর্জনের পেছনে শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও সবার দোয়া রয়েছে। ভবিষ্যতে সে যেন একজন ভালো মানুষ হয়ে দেশের জন্য কিছু করতে পারে—এটাই আমাদের প্রত্যাশা।
কৃতী শিক্ষার্থী রিয়ন খান বলে, ভবিষ্যতে আমি জ্যোতিঃপদার্থবিজ্ঞানী হতে চাই। মহাকাশ ও মহাবিশ্বের রহস্য নিয়ে গবেষণা করা আমার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে সবার দোয়া ও শুভকামনা চাই।
রিয়নের সাফল্যে তার শিক্ষক, সহপাঠী, স্বজন ও এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, প্রত্যন্ত এলাকার একজন শিক্ষার্থীর এমন অর্জন অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় মনোযোগী হতে অনুপ্রেরণা জোগাবে।
মেধা, অধ্যবসায় ও স্বপ্নকে সঙ্গী করে রিয়ন এখন এগিয়ে যেতে চায় মহাকাশের অজানা জগতের পথে। তার স্বপ্ন একদিন গবেষণার মাধ্যমে মহাবিশ্বের রহস্য উন্মোচনে অবদান রাখা।
বাংলাদেশ সময়: ১৩:২১:৪৬ ৪ বার পঠিত