![]()
কালকিনি প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে আলোচিত বৃদ্ধ ইসহাক সরদার (৭৫) হত্যা মামলার প্রধান আসামি মোঃ তুহিন মোল্লাকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মোহাম্মদপুর এলাকা থেকে র্যাব-২-এর সহায়তায় কালকিনি থানা-পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত তুহিন মোল্লা কালকিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উত্তর জনারদন্দি গ্রামের মোঃ জালাল মোল্লার ছেলে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে কালকিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উত্তর জনারদন্দি গ্রামে নিজ বাড়ির সামনের রাস্তা দিয়ে চা খেয়ে বাড়ি ফিরছিলেন ইসহাক সরদার। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আসামিরা তার পথরোধ করে এলোপাতাড়ি মারধর ও ধারালো রামদা দিয়ে কুপিয়ে দুই পায়ের রগ কেটে দেয়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ সেপ্টেম্বর দুপুরে ইসহাক সরদার মারা যান। ঘটনার পর কালকিনি থানায় ধারা পরিবর্তন করে হত্যা মামলা (মামলা নং-১৯, তারিখ: ২২/০৮/২০২৬) যুক্ত করা হয়।
মাদারীপুর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে প্রধান আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কালকিনি থানা-পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৪৫:০০ ৩২ বার পঠিত