বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী

প্রথম পাতা » খুলনা » নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬



নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

আগামী প্রজন্মের জন্য সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, নতুন গ্রামীণ সড়ক নির্মাণে ইটের পরিবর্তে শতভাগ পরিবেশবান্ধব ব্লক ব্যবহার করতে হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা, উন্নয়ন কার্যক্রম ও সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিসি, এসপি, সিভিল সার্জন, ইউএনও, ওসিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। সভায় তারা জেলার বিভিন্ন স্থানীয় সমস্যা, করণীয় ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, আগামী প্রজন্মের জন্য সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে ইটের পরিবর্তে শতভাগ পরিবেশবান্ধব ব্লক ব্যবহার করতে হবে। পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও সরকারি দপ্তরে একবার ব্যবহারযোগ্য পলিথিন ব্যাগ ও প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে সরকার ঘোষিত পরিচ্ছন্নতা কর্মসূচি যথাযথভাবে পালনের ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও হাসপাতালে আসা ডেঙ্গু ও হাম আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, দলমত নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। চিহ্নিত অপরাধীদের নজরদারিতে রাখতে হবে, যাতে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে শেখ ফরিদুল ইসলাম বলেন, সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়ানো হলে প্রতিটি প্রকল্প বাস্তবায়ন সহজ হবে।

বাংলাদেশ সময়: ১৭:১২:৫৪   ১৫ বার পঠিত