![]()
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: দেশীয় প্রজাতির মাছ এবং জলজ বাস্তুসংস্থান সংরক্ষণের লক্ষ্যে ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর চৈতার কোল এলাকার বিভিন্ন খাল-বিলে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে থানা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবদুল্লাহিল।
এই অভিযান টি পরিচালিত হয় বুধবার (৩০.০৯.২০২৬) বিকাল ৩ ঘটিকা হতে রাত ৮ ঘটিকা পর্যন্ত।অভিযানে ভ্রাম্যমান আদালত কতৃর্ক ২ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রেরন করা হয়। পাশাপাশি নদী ও জলাশয়ের জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রায় ২৫০ মিটার অবৈধ ‘বের’ জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় জানায়, ‘বের’ জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন, ছোট মাছের বেঁচে থাকা এবং জলজ পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এসব জালের কারণে নদী-নালা ও জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হওয়ার পাশাপাশি দেশীয় মৎস্যসম্পদেরও ব্যাপক ক্ষতি হয়।
মৎস্য বিভাগ আরও জানায়, দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ ও ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে জেলেদের সচেতনতা বৃদ্ধিতেও বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১১:৩৪:৩৪ ৩৩ বার পঠিত