
বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের শার্জে দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) এরিক গিলান দেশে চলমান হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন।
আজ বুধবার সকালে ঢাকার বনানীর কড়াইলের টি অ্যান্ড টি মাঠে এ কর্মসূচি তিনি পরিদর্শন করেন।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই।
পরিদর্শনের সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আবদুল মুহিত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশনস অ্যান্ড অ্যাডভোকেসি প্রধান মিগেল মাতেও মুনিয়োজ এবং ইউনিসেফ বাংলাদেশের ইমিউনাইজেশন লিড ডা. রিয়াদ মাহমুদ।
বিজ্ঞপ্তিতে জানা যায়, যুক্তরাষ্ট্র ও ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রমে সহায়তা করছে আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি। চলমান প্রাদুর্ভাবের সময় ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষায় এই সহায়তা দেওয়া হচ্ছে।
গত ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দেশব্যাপী এই কার্যক্রমের লক্ষ্য ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়া।
বাংলাদেশ সময়: ১৭:১৮:৩৫ ৪ বার পঠিত