
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী মধুমতী নদীতে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে কামারখালী বাজারে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী কনসার্ট।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় মধুমতী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল আকনের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মানিক, মধুখালী পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস,মধুখালী থানার অফিসার ইন চার্জ সুকদেব রায়,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু রায়,শরিফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্র দলের আহবায়ক ওমর ফারুক, সদস্য সচিব সাদ্দাম আরেফিন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, মধুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নৌকা বাইচ উপভোগ করতে ফরিদপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নারী-পুরুষ দর্শনার্থীর সমাগম ঘটে।
নৌকা বাইচ প্রতিযোগিতায় ফরিদপুর জেলা ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে মোট ১১টি নৌকা অংশ নেয়। মধুমতী নদীর দুই পাড়ে বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মাজহারুল ইসলাম বলেন, মাদক একটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে একটি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।
নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে কামারখালী বাজারে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী কনসার্ট। এতে জাতীয় পর্যায়ের সংগীতশিল্পী আকাশ মাহমুদ সংগীত পরিবেশন করেন। তাঁর সংগীত পরিবেশনায় কনসার্টস্থলে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বাংলাদেশ সময়: ১৬:১৩:৩০ ১৬ বার পঠিত