শনিবার, ১০ অক্টোবর ২০২৬

আবহমানকাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : তথ্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আবহমানকাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : তথ্য প্রতিমন্ত্রী
শনিবার, ১০ অক্টোবর ২০২৬



আবহমানকাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : তথ্য প্রতিমন্ত্রী

আবহমানকাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ‘সব ধর্মের মানুষ এ দেশে নিজেদের উৎসব বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করে আসছেন।

শনিবার (১০ অক্টোবর) সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা যেন সর্বজনীন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি সামাজিক সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় করে উৎসব উদযাপনে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় প্রতিমন্ত্রী প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব অর্থায়নে সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপক যন্ত্র কেনার জন্য আর্থিক বরাদ্দের ঘোষণা দেন। এ ছাড়া সরকারিভাবে প্রতিটি মণ্ডপের জন্য ৬০০ কেজি চাল ও দুই বান্ডিল ঢেউটিন বরাদ্দের কথা জানান। পূজামণ্ডপে নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে সড়ক সংস্কারের আশ্বাসও দেন তিনি।

সভায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা দিতে প্রতিমন্ত্রীর হাতে গাছের চারা তুলে দেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্যসচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক পল্লব রায় ও হাসনাত মাহমুদ তালহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:১১   ৬ বার পঠিত