![]()
ময়মনসিংহবাসীর দাবির প্রেক্ষিতে ময়মনসিংহে বিমানবন্দর হওয়া দরকার বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে।
তবে ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর করতে সময় লাগবে। কারণ, এটি একটি বড় ব্যাপার।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরীর সারিন্দা সবারি রিসোর্টে ময়মনসিংহ সিটি করপোরেশন আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় ময়মনসিংহে অচিরেই শিশুপার্ক করা হবে জানিয়ে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আগামী ঈদের আগে ময়মনসিংহে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
আগামী বছর আবারো যখন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান হবে তখন শিশুপার্ক পুরোপুরি প্রস্তুত থাকবে। শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি খেলাধুলায়ও এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি পর্যটনকেন্দ্র। এটিকে জাতীয়ভাবে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
এতে বিদেশি অনেক দর্শনার্থী এখানে ঘুরতে আসবে।
তিনি আরো বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উন্নয়নকাজ শুরু হয়েছে। সবাইকে নিয়ে ময়মনসিংহ বিভাগের উন্নয়ন করা হবে। চাকরির ব্যবস্থা করে বেকারত্ব দূর করা হবে। ময়মনসিংহের ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা হবে। প্রধানমন্ত্রীর ইশতেহার অনুযায়ী আমরা আস্তে আস্তে সবকিছু বাস্তবায়ন করবো।
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। পূজামণ্ডপে বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বিশৃঙ্খলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকেও নির্দেশ দিয়েছি।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, যতদিন জাতীয়তাবাদী দল সরকারে থাকবে, ততদিন মেধার ভিত্তিতে ফল প্রকাশ করা হবে।
অনুষ্ঠানে সিটি প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকনের সভাপতিত্বে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, জাকির হোসেন বাবলু, প্রকৌশলী লুৎফল্লাহহেল মাজেদ বাবুসহ সিটি করপোরেশনের কর্মকর্তাসহ অভিভাবকরা বক্তব্য রাখেন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এ আয়োজন বলে জানান সিটি করপোরেশনের প্রশাসক।
সিটি করপোরেশনের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ১ হাজার ২০০ শিক্ষার্থী এই সংবর্ধনা গ্রহণ করে।
বাংলাদেশ সময়: ১৬:০৬:০০ ৭ বার পঠিত