সোমবার, ১২ অক্টোবর ২০২৬

আলফাডাঙ্গায় দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি, নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলফাডাঙ্গায় দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি, নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব
সোমবার, ১২ অক্টোবর ২০২৬



আলফাডাঙ্গায় দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি, নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও নির্বিঘ্নে পূজা উদ্‌যাপনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, শারদীয় দুর্গাপূজা যেন আনন্দ, উৎসাহ ও সম্প্রীতির মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এ ক্ষেত্রে পূজা উদ্‌যাপন কমিটি, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ।

উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুন্ডুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ও আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নেওয়াজ মুস্তাফিজ চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি মো. রবিউল হক রিপন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির প্রচার সম্পাদক মো. কামরুজ্জামান কদর, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. নিয়ামত হোসেন পারভেজ এবং বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্টের আলফাডাঙ্গা উপজেলা সভাপতি মানবেন্দ্র সাহা।

সভায় বক্তারা দুর্গাপূজাকে কেন্দ্র করে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি পূজামণ্ডপের সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪০:৪৮   ৯ বার পঠিত