
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : নারীর ক্ষমতায়ন, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ফরিদপুরের আলফাডাঙ্গায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। এ কর্মসূচির লক্ষ্য ও বাস্তবায়নপ্রক্রিয়া সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকার।
সংবাদ সম্মেলনে ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সফল করতে পরিবারের সঠিক আর্থসামাজিক তথ্য সংগ্রহ এবং যোগ্য উপকারভোগী চিহ্নিত করা জরুরি। এ জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে, যাতে সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এ কর্মসূচির আওতায় খানা জরিপ পরিচালিত হবে। প্রাথমিক পর্যায়ে টগরবন্দ, আলফাডাঙ্গা ও বানা ইউনিয়নে তথ্য সংগ্রহ শুরু হবে। প্রথমে টগরবন্দ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি মো. রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির প্রচার সম্পাদক মো. কামরুজ্জামান কদর এবং উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. নিয়ামত হোসেন পারভেজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সংবাদ সম্মেলন শেষে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ২৩:১৫:১৩ ১১ বার পঠিত