
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেছেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। কেউ উৎসবকে ঘিরে ষড়যন্ত্র বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন ও নিতাইগঞ্জের বলদেব জিউর আখড়ার পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, ‘শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সভা করেছি। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিকাংশ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে, এখন সাজসজ্জা চলছে। সার্বিক প্রস্তুতি দেখতে আমরা মণ্ডপগুলো পরিদর্শন করছি। উৎসব শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমান সবাই মিলেমিশে উৎসব উদযাপন করি। আমরা চাই, এবারের দুর্গোৎসবও আনন্দময় পরিবেশে অনুষ্ঠিত হোক। কেউ কোনো ধরনের ষড়যন্ত্র বা নাশকতার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার সম্পর্কে সতর্ক করে পুলিশ সুপার বলেন, ‘বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হয়। এ জন্য সব পূজামণ্ডপ কমিটির প্রতিনিধিদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। কোথাও কোনো গুজব ছড়ালে তা যাচাই করা হবে। কাউকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
এদিকে পূজামণ্ডপ পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ‘শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা দেখতে আমরা পরিদর্শনে বের হয়েছি। রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের যে দায়িত্ব রয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করছি।’
তিনি বলেন, ‘পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে পূজামণ্ডপগুলো পরিদর্শন করব। পূজার আনন্দ যেন শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়, সে জন্য আমরা প্রস্তুত রয়েছি। সবার সহযোগিতায় একটি সুন্দর ও উৎসবমুখর দুর্গোৎসব আয়োজন করতে চাই।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে উৎসব উদযাপনের আহ্বান জানাচ্ছি। পরিবার-পরিজন নিয়ে সবাই যেন আনন্দের সঙ্গে উৎসবটি সম্পন্ন করতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা।’
পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসন ও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:৩৭:৫৬ ৫ বার পঠিত